ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। নেইমারের সঙ্গে একই দিনে জন্মদিন হলেও ফুটবলীয় অর্জনে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। পর্তুগালের মাদেইরা দ্বীপপুঞ্জে জন্ম নেওয়া রোনালদো রাশিয়া বিশ্বকাপে তৃতীয়বারের মতো দলকে নেতৃত্ব দিচ্ছেন। রেকর্ড পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী এই ফুটবলার অনেকের চোখেই বিশ্বসেরা। তিনবারের প্রিমিয়ার লিগ জয়ী রোনালদো দুবার জিতেছেন লা লিগা। এছাড়া চারবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী রোনালদো বিশ্ব ক্লাবকাপও জিতেছেন চারবার। পর্তুগালের হয়ে ২০১৬ ইউরো জেতা তাঁর সেরা সাফল্য।
রোনালদো ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের মালিক। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনে আছেন। এক পঞ্জীকাবর্ষে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল (৩২) তাঁর। চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতাও রোনালদো। প্লেমেকার হিসেবেও তিনি কম যান না, সতীর্থদের দিয়ে সবচেয়ে বেশি গোল করানোর রেকর্ড তাঁর দখলে।
মাদেইরার রাজধানী ফানচালে জন্ম নেওয়া রোনালদো ছিল মালী বাবা ও রাধুনী মায়ের সর্বকনিষ্ঠ সন্তান। তাঁর নাম রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি রোনাল্ড রিগ্যানের নামে। শৈশবটা অভাব-অনটনে কেটেছে রোনালদোর। মাত্র ৭ বছর বয়সে ফুটবলে পা রাখেন এবং ১২ বছর বয়সে স্পোর্টিং সিপিতে যোগ দেন।
পেশাদার ক্যারিয়ারে অভিষেকের পর রোনালদো ক্লাব ফুটবলে স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে খেলেছেন এবং অসংখ্য রেকর্ড গড়েছেন। রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি ৩৩টি হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন।
রোনালদো চার সন্তানের জনক। তাঁর সাত বছরের ছেলে রোনালদো জুনিয়র ২০১৭ সালে এক বোন ও এক ভাই পেয়েছে।
No comments: